কুবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:৩৯ পিএম
কুমিল্লা সদর দক্ষিণ থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক অপহরণ মামলায় সাহাবুল শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-৩৯১৬৮৬ নম্বরের একটি গাড়িও জব্দ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব শনিবার এ সব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ মার্চ ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। অভিযোগ রয়েছে, এ সময় তাকে হত্যাচেষ্টার পাশাপাশি তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরদিন ৫ মার্চ ভুক্তভোগী শিক্ষক সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
কোটবাড়ি পুলিশ ফারির সাব-ইন্সপেক্টর (এসআই) টিটু কুমার নাথ বলেন, “ভুক্তভোগী শিক্ষক একটা মামলা করেছিলো। সেই মামলার তদন্ত সাপেক্ষে সন্দেহজনকভাবে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তাকে আমরা কোর্টে চালান করবো। মামলার আসামী আরও কয়েকজন আছে। তাদেরকেও ধরার চেষ্টা চলছে”।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব বলেন, “অপহরণের অভিযোগে গত পরশু রাতে ঢাকায় অভিযান চালিয়ে গতকাল সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে”।