পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও মানবিক সহমর্মিতার নিদর্শন হিসেবে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। ঈদকে ঘিরে এমন উদ্যোগে সদস্যদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
শনিবার (২৩ মে) বেলা ১১টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন পরিচালনা, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এই বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই আত্মত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই ঈদের আগে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সহায়তায়ও সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই আয়োজন সদস্যদের মনোবল আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৩ হাজার ৬১২ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি উপহারের প্যাকেজে ছিল ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা জানান, এই উপহার শুধু খাদ্যসামগ্রী নয়, বরং বাহিনীর প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। ঈদের আগে এমন আয়োজন তাদের পরিবারে বাড়তি আনন্দ যোগ করেছে। অনেক সদস্য বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের মুখে হাসি ফোটাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা জানান, এই উপহার শুধু খাদ্যসামগ্রী নয়, বরং বাহিনীর প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন।
অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।