চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:২৮ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ১৭:৪৮ পিএম
শাহীন দেলোয়ার।
কক্সবাজার জেলায় যোগ হলো নতুন আরও একটি উপজেলা। এ উপজেলার নাম মাতামুহুরি। শনিবার (২৩ মে) থেকে এর সরকারি কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা নিহত |
নতুন মাতামুহুরি উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) হলেন শাহীন দেলোয়ার। তিনি দুটি পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন। অবশ্য তিনি চকরিয়ার উপজেলা ইউএনও এবং সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন।
গত শুক্রবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীনের সই করা এক প্রজ্ঞাপনে চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ারকে দুটি পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
বিভাগীয় কমিশনারের অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার নির্দেশে গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার নবগঠিত ‘চন্দ্রগঞ্জ উপজেলা’ এবং কক্সবাজার জেলার নবগঠিত ‘মাতামুহুরি উপজেলা’ কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা দুই ইউএনওকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়াসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপজেলা ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার শনিবার থেকে নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রথম ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি দায়িত্ব বুঝে নেওয়ার মধ্য দিয়ে কক্সবাজার জেলার দশম উপজেলা মাতামুহুরির সরকারি কার্যক্রম শুরু করলেন।
উল্লেখ্য, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১৩০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে নতুন এই উপজেলা গঠন করা হয়েছে।
একই সঙ্গে নতুন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের জন্য মোট ২৪টি অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব অফিসে কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ২৩৮টি পদ থাকবে।