সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৪:৪৮ পিএম
ছাতকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া
সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
তারা জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।