ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১২:৩৬ পিএম
ফেনী মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, কোরবানির ঈদ সামনে রেখে ঋণ নিয়ে তিনি ১০টি গরু কিনেছিলেন। ফেনীর রামপুর এলাকায় গরুগুলো বেঁধে রেখে নিজেই পাহারা দিচ্ছিলেন।
তিনি বলেন, শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ ৪ থেকে ৫ জন ব্যক্তি এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা একটি গরু জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
দেলোয়ার হোসেন আরও জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের গাড়ির পেছনে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাদের আটকানো সম্ভব হয়নি।
ছিনতাই হওয়া গরুটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু এনে ফেনীর হাটবাজারে বিক্রি করছেন। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুর এলাকায় ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।