মোল্লাহাট (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ২২:৪০ পিএম
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামে অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ গোয়ালঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতায় গোয়ালঘরের ভেতরে থাকা ৪টি গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আয়ুব আলী তরফদার জানান, আগুনে তার গোয়ালঘর, গবাদিপশু ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ঘরের চাঙ্গের ওপর পাটকাঠি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো শত্রুতাবশত সেখানে আগুন লাগিয়ে দিতে পারে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।