শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ২১:৪৯ পিএম
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও শ্রমিক পরিবহনের বাসে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাস ভাঙচুর করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেডের কারখানার সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গুরুতর আহত পাঁচজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবাই বিএনপি এবং কৃষক দলের নেতাকর্মী।
বরমী ইউনিয়ন কৃষক দলের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাসুম আহমেদ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি বৈধভাবে আরবেলা ফ্যাশন লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার জন্য পরিবহন সরবরাহ করে আসছেন। কিন্তু ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লা, আলমগীর ডাক্তার, মনির হোসেন ও জুনায়েদসহ তাদের সহযোগীরা তার কাছে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে ওই কারখানার সামনে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। একপর্যায়ে শামীম মোল্লার ছোট ভাই জুনায়েদসহ ২০/২৫ জন লাঠিসোটা নিয়ে তাকে ও তার লোকজনকে মারধর করে তিনটি শ্রমিকবাহী গাড়ি ভাঙচুর করেন। তাদের হামলায় তিনিসহ পাঁচজন আহত হন।
তবে আক্তারুজ্জামান শামীম মোল্লা বাস ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আজ (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে মহাসড়কের মাওনা চৌরাস্তায় সংবর্ধনা দেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম। আলোচনা শেষ করে কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় কৃষক দলের নেতা মাসুম আহমেদ ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, খবর পেয়ে থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি বাসের জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে।