বগুড়া সিটি করপোরেশন
বগুড়া অফিস
প্রকাশ : ২২ মে ২০২৬ ২১:১৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ২১:২৭ পিএম
নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪৩ লাখ ৫৫ হাজার টাকা বোনাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বোনাসের চেক গ্রহণ করেন।
এর আগে, গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রশাসক হিসেবে বগুড়া সিটি করপোরেশনে যোগদান করেন এম আর ইসলাম স্বাধীন। তারও আগে গত ১৮ মে তাঁকে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঈদের আগে এ বোনাস পেয়ে সিটি করপোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক।
এম আর ইসলাম স্বাধীন বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা সিটি করপোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে। তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এরআগে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবন থেকে পায়ে হেঁটে নিজের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে বিএনপি চেয়ারম্যান তাঁর রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।