প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৬ ২০:৩৭ পিএম
দেশের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার ও শুক্রবার (২২ মে) ছেলের হাতে বাবা, গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। নওগাঁ, কক্সবাজার ও যশোরে এই নিহতের ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
নওগাঁ : যৌতুকের দাবিতে নওগাঁর মহাদেবপুরে উপজেলার উত্তরগ্রাম সুলতানপুর গ্রামে রেহেনা আক্তার তুলি (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে গৃহবধূকে হত্যার পর মরদেহ ঘরে ঝুলিয়ে রেখে প্রচার করে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। এর কিছুক্ষণ পর তার স্বামীসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে নিহত রেহানা আক্তারের স্বামী রতন হোসেন, দেবর শহিদুল ইসলাম, সাগর হোসেন ও তার শাশুড়ি জহুরা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন গৃহবধূর মামা মিলন হোসেন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় রেহেনা আক্তার তুলির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই নিহত রেহানা আক্তার তুলির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার (গতকাল) সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চাকরিয়ায় ছেলের দায়ের কোপে ৬৫ বছরের বৃদ্ধ বাবা খলিলুর রহমান মারা গেছেন। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মনির হোসেন। নিহত খলিলুর রহমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে, পেশায় একজন ব্যবসায়ী। চকরিয়া থানার ওসি বলেন, নিহতের ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা পরিষদের সামনে একটি ভাড়া বাসা থেকে রানী খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী লিজন রেজা পলাতক।
নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার মশিউরনগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তার স্বামী লিজন রেজা মেহেরপুর সদর উপজেলার টুংগী এলাকার বাসিন্দা সদর আলীর ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী। ছয় মাস আগে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়েছিল। এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।