উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ২০:৩৩ পিএম
বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৭ সদস্যের দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোঁটলা পাশের পুকুরে ছুড়ে ফেললে কনস্টেবল মৃনাল তা উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে কনস্টেবল মৃনাল মাথায় আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার ওসিসহ পুলিশের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবলকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লাকে আটক করা হয়। তাদের বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।
ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এলাকায় মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।