× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা প্রতিহত করল বিজিবি, ভারতীয় চোরাকারবারীদের গুলি

লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:৫৯ পিএম

আপডেট : ২২ মে ২০২৬ ২২:০২ পিএম

বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা প্রতিহত করল বিজিবি, ভারতীয় চোরাকারবারীদের গুলি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনটি পৃথক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, তিনবিঘা করিডোর এলাকায় নতুন করে বাঁশের খুঁটি স্থাপনকে ঘিরে উত্তেজনা এবং ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ফাঁকা গুলিÑসব মিলিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসীর মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যেরেখায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির নজরে এলে তাৎক্ষণিকভাবে এতে বাধা দেয় বিজিবি। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে স্থাপিত খুঁটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত স্থাপিত খুঁটি তুলে নিতে বাধ্য হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এর কয়েক ঘণ্টা পর একই সীমান্তের তিনবিঘা করিডোর এলাকায় পুনরায় বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

এরপর বৃহস্পতিবার বিকালে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতীয় ১৭৪ বিএসএফের ভীম ক্যাম্পের সদস্যরা ভারতীয় সার্ভে বিভাগের উপস্থিতিতে শূন্য রেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি নজরে এলে পানবাড়ি কোম্পানি কমান্ডার মোসলেম উদ্দিন বিএসএফ কোম্পানি কমান্ডার এসি কৈলাস চন্দ্রের সঙ্গে কথা বলেন। এ সময় বিএসএফ পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করা হচ্ছে বলে জানানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে খুঁটি অপসারণের দাবি জানানো হলে বিএসএফ তাৎক্ষণিকভাবে তা সরাতে অপারগতা প্রকাশ করে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে দহগ্রাম, পানবাড়ি ও আঙ্গরপোতা বিওপি থেকে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। সীমান্তে দুটি এলএমজি নিয়ে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করলে শেষ পর্যন্ত খুঁটি স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উভয় পক্ষ অতিরিক্ত সদস্য প্রত্যাহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে কুচলিবাড়ী ইউনিয়নের কলসিমুখ সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তের মেইন পিলার-৮০৬-এর প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রামের পশ্চিম গিয়ারপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা চোরাকারবারীদের দেখতে পান বিজিবি সদস্যরা। তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়ে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে গুলির শব্দে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম, অনুপ্রবেশ কিংবা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা