খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:৪৪ পিএম
‘বন্য প্রাণী ও বন, সবাই মিলে সংরক্ষণ’Ñ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা সভা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২২ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মাতাই পুখিরি এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং বায়োডাইভার্সিটি ইকোসিস্টেমস রেস্টুরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স (বিইআরসিআর) ইন সিএইচটির উদ্যোগে ইকোসিস্টেমস রেস্টুরেশন অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট ও ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাতাই পুখিরি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য শুধু এ অঞ্চলের নয়, সমগ্র দেশের পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন ধ্বংস, পাহাড় কাটা ও বন্যপ্রাণী নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা, করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন, বায়োডাইভার্সিটি এনভায়রনমেন্ট প্রকল্পের ডিস্ট্রিক্ট অফিসার সুকেতন চাকমা, প্রধান শিক্ষক রাজেন্দ্র রোয়াজা, বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের সিবিও জ্ঞানদর্শী চাকমা, বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিচমটেটর নকুল ত্রিপুরা, ইউসিআরএফ প্রতিনিধি তনয়া চাকমাসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা।