নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:০৯ পিএম
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই একটি ট্রলার ডুবে মো. কামাল বাহাদুর (৩৮) নামে এক ট্রলার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের রহমান ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২২ মে) সকালে ডুবন্ত ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল বাহাদুর পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল হালিম বাহাদুরের ছেলে।
স্থানীয় সূত্র ও ট্রলারের মালিক জানান, ফিয়ানা ফাতেমা নামের একটি স্টিলবডির ট্রলার কাঠবোঝাই করে ২১ মে নেছারাবাদের উদ্দেশে রওনা দেয়। বেলা ৩টার দিকে ট্রলারটি নেছারাবাদের বালিহারি গ্রামের রহমান মিয়ার ব্রিজের নিচে পৌঁছালে খালে ভাটার কারণে সেখানে নোঙর করা হয়। পরে ভরা জোয়ারের অপেক্ষায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রেখে চালক কামাল বাহাদুর রাতে কেবিনে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জোয়ারের পানির তীব্র চাপে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে মারা যান কামাল বাহাদুর।