মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:০৬ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়কের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন সড়ক থেকে আহত অবস্থায় একটি মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টার দিকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বৃহস্পতিবার রাতে জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামে দুই ব্যক্তি শ্রীমঙ্গল থেকে ভানুগাছের দিকে যাওয়ার পথে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন সড়কে একটি প্রাণীকে দেখতে পান। এটি গাড়ির আঘাতে প্রায় মুমূর্ষু অবস্থায় ছিল। পরবর্তীতে জাহান আহমেদ মোবাইল ফোনে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মহাবিপন্ন একটি চিতা বিড়াল আহত অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গাড়ির আঘাতে প্রাণীটি গুরুতর আহত হয়। এরপর চিতা বিড়ালটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে প্রাণীটি কিছুটা সুস্থ। তবে প্রাণীটির আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রাণীটি পরিপূর্ণ সুস্থ হওয়ার পর এটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তারা এটিকে বনাঞ্চলে অবমুক্ত করবেন।