নোমান মুন্না জয়
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৭:৫১ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ১৮:২১ পিএম
ভুলতা ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসিতে হামলার সিসিটিভি ফুটেজ এবং মর্ত্তূজাবাদ এলাকার মাতি ওরফে মাটি । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা চাঁদা না পেয়ে ভুলতা ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসিতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। এতে মালিকের ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
উপজেলার ভুলতা তাঁতবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফেজ বাকি বিল্লাহ জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় সুনামের সঙ্গে ওষুধের ব্যবসা করে আসছেন। সম্প্রতি মর্ত্তূজাবাদ এলাকার মাতি ওরফে মাটি (২৮) ও তার সহযোগীরা ‘ঈদ বকশিশ’ নাম করে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ঘটনার রাতে মাটি ও তার সহযোগীরা দোকানে ঢুকে মালিককে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা দোকানের স্টাফদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় দোকানে উপস্থিত মালিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. জুনায়েদ (১৭) এবং কর্মচারী মো. দিপু মোল্লা (২৬) ও মো. নাঈমুর (২২) প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা পিস্তল ও সুইচ গিয়ার চাকু দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে দোকানের মালামাল তছনছ করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় এ নিয়ে মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচ এম সালাহউদ্দিন বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া ও আইনি পদক্ষেপ চলমান। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।