নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৬:৪৫ পিএম
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইল সদর উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বণিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন ও মসজিদের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) সংগ্রহ নিয়ে একই মহল্লার আলম ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসে। আলোচনা চলাকালে মতানৈক্য সৃষ্টি হওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে আহতদের নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ব্যক্তিরা হলেন আলম গ্রুপের মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস, রাব্বি বিশ্বাসসহ ৮ জন।
এ ছাড়া মেজবা গ্রুপের আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা সংঘর্ষে আহত হয়েছেন। তারা সবাই জেলা হাসপাতালে ভর্তি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।