আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:৪২ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ২২:৪৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা-নবীনগর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে মোট ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৮১৩ টাকার এলএ (ল্যান্ড অ্যাকুইজিশন) চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন
পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মানস চন্দ্র দাস, সহকারী কমিশনার হেভেন চাকমা, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম এবং আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম মিঠু প্রমুখ।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণ প্রদান করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘদিন ধরে চলমান আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পটি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও রয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রায় ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি।