প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৬ ২১:৩৩ পিএম
পাঁচ জেলায় বিএনপি নেতাসহ সাত হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে বগুড়ায় তিনজন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা, ময়নসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত যুবক, গোপালগঞ্জে রিকশাচালক এবং ঝালকাঠিতে গণপিটুনিতে একজন নিহত। বুধবার রাতে ও বৃহস্পতিবার (২১ মে) এসব হত্যাকাণ্ড ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বগুড়া : বগুড়ার দুই উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলায় মাদকাসক্ত বাবা তার পুত্র আব্দুল্লাহকে গলা টিপে হত্যা করেন। এছাড়া বুধবার রাতে রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে গতকাল দুপুরে সারিয়াকান্দি উপজেলায় আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে এক্সাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে গাছে বেঁধে অজ্ঞাতনামা এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলামিন শেখ (৩০) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির এক কেয়ারটেকারের বিরুদ্ধে। শহরের মধ্য মিয়াপাড়ার একটি বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলামিন সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।
গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শহরের মধ্যমিয়াপাড়া এলাকার একটি বহুতল ভবন থেকে বুধবার রাতে আলামিন শেখের মরদেহটি উদ্ধার করা হয়।
ঝালকাঠি : জেলার কাঠালিয়া উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে রাজ্জাক বয়াতি (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক বয়াতি বাঁশবুনিয়া গ্রামের বয়াতিবাড়ির সুলতান বয়াতির ছেলে। কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।