চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ মে ২০২৬ ২১:০৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ২১:২৯ পিএম
চট্টগ্রাম ওয়াসায় নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
চট্টগ্রাম ওয়াসায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর সংশোধনী এবং ২০২৪ সালের ২৩ অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী এক বছর তিনি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, বেসরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ এমডি ছিলেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। তিনি ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে মোট আটবার নিয়োগ পেয়ে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৩০ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পদ থেকে অপসারণ করা হয়। এরপর চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এমডির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন।
নতুন নিয়োগ পাওয়া এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি এবং ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।