নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:৫৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ২১:০২ পিএম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার ছারছীনা শরীফের সামনে এবং কামারকাঠি
মোল্লাবাড়ী এলাকায় নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমে পিরোজপুর-২
আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর ভার্চুয়ালি
যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।
জানা গেছে, ছারছীনা এলাকায় ৮৪ মিটার অংশজুড়ে ভাঙনরোধে ৫৬ লাখ টাকা
এবং কামারকাঠি মোল্লাবাড়ী সংলগ্ন ১৪০ মিটার এলাকায় ৩৭ লাখ টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন
করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে মোট ৯৩ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
নদী ভাঙনরোধে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর তৎপরতায় এ কাজ শুরু
হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, ছারছীনা মাদরাসার শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম,
নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়ের, পিরোজপুর জেলা
ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. জসিম বাহাদুর প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে কাউখালির
আমরাজুড়ি ফেরিঘাটের দুই প্রান্ত, নেছারাবাদের ছারছীনা ও কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায়
সন্ধ্যা নদীর ভাঙন অব্যাহত থাকলেও টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান,
বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে।তাই জরুরি ভিত্তিতে
জিওব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু করা হয়েছে।