চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:২৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ২০:৩১ পিএম
যশোরের চৌগাছা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উদযাপিত ভূমিসেবা মেলার সমাপনী হয়েছে।
চৌগাছা শাহাদাত পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর
অংশগ্রহণে বৃহস্পতিবার (২১ মে) শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা
ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৫ জন শিক্ষার্থীর
হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
জিএমএ মুনীব।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল খালেক,
সেক্রেটারি জিল্লুর রহমান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক
আব্দুল হালিম চঞ্চলসহ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, ভূমি
সেবা এখন আর কোনো জটিল বা দুর্গম বিষয় নয়, এটি এখন জনগণের দোরগোড়ায় এবং হাতের মুঠোয়।
বর্তমান সরকার ভূমিসেবা ডিজিটালাইজড করার যে উদ্যোগ নিয়েছে, তার মূল উদ্দেশ্য হলো সাধারণ
মানুষের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই শিক্ষার্থীদের একদম মাঠ পর্যায় থেকেই ডিজিটাল
ভূমিসেবা সম্পর্কে সচেতন হতে হবে। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তোমরা যে জ্ঞান অর্জন
করলে, তা তোমাদের পরিবার ও সমাজকে সচেতন করতে সাহায্য করবে।
সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব তার বক্তব্যে মেলা সফল করার জন্য সকলকে ধন্যবাদ
জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত
করেন। পরে অতিথিরা ৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।