যশোর প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:০৯ পিএম
বাংলাদেশ বিমানবাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে যশোর বিমানবন্দরে বিমানবাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিই-২০২৬বি এবং এসপিএসএসসি-২০২৬বি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন বিমানবাহিনী প্রধান। এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
বিমানবাহিনী প্রধান বলেন, দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরসমূহের ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছে।
৮৮তম বাফা কোর্সে প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী ‘সোর্ড অব অনার’ লাভ করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হক ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ অর্জন করেন।
এছাড়া জেনারেল সার্ভিস প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন। একই সঙ্গে ৮৮তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ)-এ শ্রেষ্ঠ কৃতিত্বের জন্যও তিনি ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।