কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:০৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ২০:১১ পিএম
দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সমুদ্রসীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, ‘সুনীল অর্থনীতি জাতীয় উন্নয়নে কৌশলগত অগ্রাধিকারের স্থান লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা নিয়ে আমাদের আজ বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে, যা দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের রূপ দিতে এবং সমুদ্রের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী ও কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘একই সঙ্গে বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা নামের দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম সবসময় চলমান রয়েছে।’ এ ছাড়া তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি স্মার্ট নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে চৌকস ও প্রশিক্ষিত নাবিকের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে নৌ-প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নবীন নাবিকরা দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন। পরে পেশাগত ও সকল বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন নৌ-প্রধান।
এ সময় নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, কলাপাড়া, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।