ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল যোগদানের ৮ দিন পর ক্যাম্পাসে নিজ কার্যালয়ে অফিস শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তাকে ক্যাম্পাসে স্বাগত জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। অফিসে এলে ভিসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
দুপুর আড়াইটার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে শহরের জিএমপি কার্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে সভা করেন তিনি। ক্যাম্পাসে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীদের বন্ধ করে দেয়া প্রধান ফটক খুলে দেন কর্মচারীরা।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা ঈদের ছুটিতে ক্যাম্পাস ছাড়ায় উপাচার্য বাধার সম্মুখীন হননি। গত ৮ দিন ধরে ব্লকেড ডুয়েট ও কমপ্লিট শাটডাউনসহ নানামুখী কর্মসূচি পালন করেন ভিসির নিয়োগ বাতিলের দাবি করা শিক্ষার্থীরা।
নিজ কার্যালয়ে যোগদান শেষ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, ক্যাম্পাসকে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করতে চান তিনি। সরকার যে ভিশন ও মিশন নিয়ে তাকে এখানে নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব সবার সহযোগিতা নিয়ে তিনি সুচারুভাবে পালন করতে চান।