আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:২৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ১৯:২৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আশুগঞ্জ
খাদ্য গোডাউন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
রাফে মোহাম্মদ ছড়া।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহানা
সুলতানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল দে, আশুগঞ্জ উপজেলা চাতালকল
মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি মোবারক হোসাইন, চাতালকল ব্যবসায়ী হাসান ইমরানসহ
অন্যরা উপস্থিত ছিলেন।
এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা
খাদ্যগুদামে ৪৯ টাকা কেজি দরে ৫৮ হাজার ৮৬২ মেট্টিক টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি ধরে
৪ হাজার ৯০ মেট্টিক টন আতপ চাল ও ৩৫ টাকা কেজি ধরে ৪৩৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
উল্লেখ্য, দেশের পূর্বাঞ্চলীয় সবচেয়ে
ধান ও চালের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ হাটে দেশের হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, সিলেট,
সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই আসা ধান আশুগঞ্জে তিন শতাধিক
রাইস মিলে প্রক্রিয়া করে চালের উৎপাদন করা হয়। এসব চাল দেশের বিভিন্ন জেলা-উপজেলায়
চাহিদা পূরণ করে থাকে। তাই সরকার আশুগঞ্জ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ চাল সংগ্রহ করে
থাকে।