রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৮:২৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ১৮:৩৩ পিএম
দুর্ঘটনাকবলিত বিটুমিনবাহী ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে উত্তপ্ত বিটুমিন বহনকারী ট্রাকের চাপায় ফুয়ারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুয়ারা খাতুন (৫০) উপজেলার দাদপুর সাহেবগঞ্জ মহ্যৎপাড়া গ্রামের বাসিন্দা কোবাদ আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল বিটুমিনবোঝাই একটি ট্রাক। আন্ডার ব্রিজের মূল পথ ব্যবহার না করে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে”।