গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৬:০৩ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মাথাবিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামে শাহ ভিটা নামক স্থানে বৃহস্পতিবার সকালে মরদেহটি দেখতে পান স্থানীয় এক যুবক।
নিহত যুবকের পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের হৃদয় নামে এক যুবক প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত শাহ ভিটার জঙ্গলে যায়। এ সময় জঙ্গলে ভেতরে জাম গাছে দুই হাত বাঁধা যুবকের মাথাবিহীন মরদেহ দেখে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন খবর পেয়ে মরদেহ দেখতে শাহ ভিটায় জড়ো হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, বেশ কয়েক বছর আগে একই জায়গায় আরও একটি হত্যাকাণ্ড ঘটেছিল।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ পাল জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।