তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৫:৪৭ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ১৬:৩৬ পিএম
নিহত এহসানুল মিয়া (১৮)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের তাহিরপুরে একটি বহুতল ভবনে নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে বৃহস্পতিবার
সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের
ছেলে এহসানুল মিয়া (১৮)। সে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায়
অংশ নেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শিমুলতলা গ্রামের সাজুল তালুকদারের নির্মাণাধীন
তিনতলা ভবনের ছাদে কাজ করছিল এহসানুলসহ কয়েকজন নির্মাণশ্রমিক। ভবনের পাশ দিয়ে যাওয়া
১১ হাজার ভোল্টের বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে আসেন তারা। এতে ঘটনাস্থলেই এহসানুল
হকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শিমুল মিয়া। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে
উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, “সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তার আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি আমলে নেননি। বিদ্যুৎ লাইনের পাশে ভবন নির্মাণে যেসব নিরাপত্তা বিধি অনুসরণ করা প্রয়োজন, তা মানা হয়নি”।
এদিকে নির্মাণাধীন ভবনটির মালিক সাজু আহমেদ জানান, পল্লী বিদ্যুতের এই লাইনটি সরানোর জন্য চার মাস আগেই আবেদন করেছি। কিন্তু অফিস বিষয়টি আমলে নেননি। তাদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা।
তিনি আরও জানান, আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।
ওসি আমিনুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”