কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ০৯:২৫ এএম
আপডেট : ২১ মে ২০২৬ ১৫:৪৫ পিএম
কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে থাকা যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বৃহস্পতিবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
ঈদযাত্রা সামনে রেখে টানা তিনদিন ধরে ভোর থেকে দিনের বড় একটি সময় এই মহাসড়কে যানজট দেখা যাচ্ছে।
সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপরই সামনে দীর্ঘ গাড়ির সারি দেখতে পান।
তিনি জানান, সকাল সাতটা থেকে দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকতে হয়েছে তাকে।
আরেক যাত্রী মো. মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর শুনছিলেন। তাই ভোরে রওনা দেন, তারপরও যানজটের কবলে পড়তে হয়েছে।
তিনি বলেন, ভ্যাপসা গরমে দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীদের অবস্থা কাহিল হয়ে পড়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
ঈদযাত্রার মাত্র কয়েকদিন বাকি থাকায় মহাসড়কে ঘন ঘন যানজট জনমনে উদ্বেগ তৈরি করেছে।