দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ২১:৩৬ পিএম
দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরাধ ও অপরাধীদের দমন করা অপরিহার্য। অপরাধী শুধুই অপরাধী, সে কোনো দলের কিংবা মতেরই হোক না কেন, কোনো ছাড় নেই। সমাজে আশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। জনস্বার্থ বিনষ্টকারী এইসব অপরাধী আইনের ফাঁকফোকর দিয়ে যাতে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
গতকাল বুধবার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় সকালে এবং বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি।
ড. মোশাররফ বলেন, বিগত সরকার দুঃশাসন, জুলুম-নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রনায়ক হয়ে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে শির উঁচু করে দাঁড়াবে।
মেঘনার সভায় ইউএনও মৌসুমী আক্তার ও দাউদকান্দিতে ইউএনও নাছরীন আক্তার সভাপতিত্ব করেন। দুটি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূইয়া ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা উপ-কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এমএম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন প্রমুখ।
এইসব সভায় বিএনপির নীতিনির্ধারক নেতা ড. খন্দকার মোশাররফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে। জনগণ নিশ্ছিদ্র নিরাপদে, সুখ-স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এবারও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্পÑ ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছেন। অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন।