ঝালকাঠি ও নলছিটি প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:৪৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ১৯:১৪ পিএম
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বুধবার (২০ মে) সকালে নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সঙ্গে নলছিটি উপজেলাসহ বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও জানান, ১টি ফেরি ও অন্তত ৬টি খেয়াঘাট দিয়ে ইঞ্জিনচালিত নৌকায় ৫০ হাজারের অধিক যাত্রী প্রতিদিন এপার-ওপার আসা-যাওয়া করে। বর্ষা মৌসুমে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জরুরি সেবা ব্যাহত হয়।
সমাবেশে শিক্ষার্থী ইমন জানান, সম্প্রতি জরুরি প্রয়োজনে রাতে ঝালকাঠি থেকে নলছিটিতে আসার জন্য কলেজ খেয়াঘাট এসে সারা রাত বসে থাকতে হয়েছিল, খেয়া পার হতে ট্রালার পাইনি। অটোচালক আল আমিন বলেন, ঝালকাঠি গিয়েছিলাম, কিন্তু সময় মতো ফেরি না পাওয়ায় বাধ্য হয়ে ৩৫০ টাকা দিয়ে পার হতে হয়েছে। ছাত্রনেতা রাতুল গাজী বলেন, সুগন্ধা সেতু আমাদের প্রাণের দাবি।
সমাবেশে আরও বক্তব্য দেনÑ শহীদ ওসমান হাদীর বোন মাছুমা হাদী, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার প্রমুখ।