ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:৪৩ পিএম
স্কুল ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে চড়ে ভৈরবে ঘুরতে এসে রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। বুধবার (২০ মে) দুপুরে কর্ণফুলী মেইল ট্রেনের ছাদ থেকে তাদের আটক করে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, স্কুল টাইম ফাঁকি দেওয়ার জন্য রায়পুরা হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে কর্ণফুলী ট্রেনের ছাদে করে ভৈরবে ঘুরতে এসেছে তারা। আবার স্কুল ছুটির আগে ঘুরেফিরে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল।
ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নীরব ও নবম শ্রেণির ছাত্র আকরাম জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী ট্রেনে করে ভৈরবে ঘুরতে এসেছে। বাবা-মা ও শিক্ষকদের না জানিয়ে ভৈরবে আসে তারা। ভৈরবে ঘুরেফিরে আবার তিতাস ট্রেনে করে বাড়ি ফিরে যাবে। বন্ধুরা একসঙ্গে হলেই স্কুল ফাঁকি দিয়ে তারা ভৈরবসহ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়।
এ বিষয়ে রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, ভৈরবে রেলওয়ে স্টেশনে একাধিকবার বিভিন্ন স্কুল-কলেজপড়ুয়া ছাত্রদের আটক করে তাদের পরিবার ও স্কুল ও কলেজ শিক্ষকদের ফোনে অবগত করে বাড়ি পাঠানো হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গোপনে ট্রেনের ছাদে করে অবৈধ যাত্রী হিসেবে ভৈরবে ঘুরতে আসে। বেশ কিছুদিন আগে নরসিংদীতে একটি ছাত্র ট্রেনের ছাদ উঠে পার্শ্ববর্তী ডোবার মধ্যে পড়ে মৃত্যুবরণ করে। এ রকম ঘটনা যেন না ঘটে, আমরা তৎপর রয়েছি।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের ট্রেনের ছাদে উঠতে একাধিকার নিরুৎসাহিত করেছি। এমনকি শপথবাক্য পাঠ করিয়ে বিভিন্ন উপহার দিয়ে বাড়ি পাঠিয়েছি। তবে অভিভাবক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা সচেতন না হলে শিক্ষার্থীদের অবাধে ঘোরাফেরা বন্ধ করা যাবে না। আটক ৯ শিক্ষার্থীকে তাদের স্কুলশিক্ষকদের মোবাইল ফোনে অবগত করে তাদের কাছে হস্তান্তর করেছি।