সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:২০ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া প্রধানমন্ত্রীর যেসব এলাকায় বিমানবন্দর করার প্রতিশ্রতি দিয়েছেন পর্যায়ক্রমে সেগুলোও হবে। একই সঙ্গে করা সম্ভব হবে না, তবে ধীরে ধীরে হবে।
বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, যেখানে দেশ ও জনগণের স্বার্থ থাকবে এবং যাত্রীসেবা বেশি হবে, সেই বিমানবন্দরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও শিল্প বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরকে সরকার বিবেচনায় রেখেছে।
সৈয়দপুর বিমানবন্দরের জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হবে। পরে তিনি সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিক প্রমুখ।