হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৭:৪৭ পিএম
নিখোঁজ জেলে ইসমাইল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে ইসমাইল হকের (৬৫) মরদেহ ১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে।
হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ আনুষ্ঠানিকভাবে বুধবার দুপুরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত ইসমাইল হক জেলার বিরলে ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই আব্দুল তালেব এসব তথ্য নিশ্চিত করেছেন।
পারিবার জানায়, গত ৩০ এপ্রিল বিকালে কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান ইসমাইল হক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদলও উদ্ধার অভিযান চালিয়েছে তার খোঁজে।এরপর গত ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাট এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ওই থানার পুলিশ। পরে মরদেহের ছবির সঙ্গে মিলিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, সেটি ইসমাইল হকের মরদেহ।
মরদেহ শনাক্ত হওয়ার পর থেকেই দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের সদস্যরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। তবে কাগজপত্র ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ১৯ দিন অপেক্ষা করতে হয় পরিবারকে।
নিহতের বড় ছেলে হায়দার আলী বলেন, প্রতিদিন বাবার মরদেহ ফেরত পাওয়ার আশায় অপেক্ষা করেছি। অবশেষে বাবাকে দেশে আনতে পেরেছি। এখন অন্তত তাকে নিজের মাটিতে দাফন করতে পারব।
হিলি ইমিগ্রেশনের এএসআই আব্দুল তালেব জনান, বিজিবি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন।