ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৭:২৩ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ১৭:২৪ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করে যাচ্ছে, জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বুধবার দুপুরে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাইনা, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি, সংস্কার আমাদের, আমরাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। মিথ্যাচারের জন্য জনগণ জামায়াতকে ক্ষমা করবে না”।
মন্ত্রী বলেন, “আমি পরিস্কার করে বলতেছি, জামায়াতকে কখনই এই দেশের জনগণ ক্ষমতা আনবে না, কারণ তারা ১৯৭১ সালে আমার স্বাধীনতার বিরোধীতা করেছিল; আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনদের সম্মান বিনষ্ট করেছে। জামায়াতকে কোনভাবেই এই দেশের মানুষ ক্ষমতা আনতে পারেনা”।
ফখরুল বলেন, “আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিকভাবে করতে চাই; তার অর্থে এই নয়, আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা সেটা মেনে নিয়ে কাজ করব, এই দেশের মানুষ তা করতে দেবে না”।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, অতএব এখানে কোন ধরনের বিভাজন থাকবে না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে থাকবে; সবাইকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে কোন ধরনের সাম্প্রদায়িকতা থাকবে না”।
আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে বিমান চলাচল করবে বলে জানিয়েছেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল সালাম, ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।