ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৭:১৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ১৭:৫৬ পিএম
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঠাকুরগাঁও পৌর শহরে সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
জেলার গোবিন্দনগরের মুন্সিরহাট এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঋত্বিক ও আশিক দুজনই ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা। ঋত্বিক একই গ্রামের লিটনের ছেলে এবং আশিক আব্দুল মান্নানের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ঋত্বিক। পরে আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে”।