× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় হাসপাতালের খাবার দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

খুলনা অফিস

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৫:০১ পিএম

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার রোগীদের জন্য রান্না করা খাবার দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার রোগীদের জন্য রান্না করা খাবার দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য রান্না করা খাবার দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বুধবার দুপুরে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে খাবারের মান, ভ্যাকসিন সংকট এবং নানা অব্যবস্থাপনা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়ার তরকারি দেখেন মন্ত্রী। তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন তিনি। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে প্রশ্ন করেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? আপনার গিন্নি এমন তরকারি রান্না করলে খাবেন আপনি?” জবাবে রফিকুল ইসলাম গাজী বলেন, “না স্যার, খাবো না।”

এরপর স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রোগীদের খাবারের মানের সঙ্গে কোনও আপস করা যাবে না।” তিনি নির্দেশনা দিয়ে বলেন, “মিষ্টি কুমড়া একটু মাখা-মাখা করে রান্না করতে হবে, প্রয়োজনে সামান্য ডাল ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য ভালো মানের তরকারি সরবরাহ নিশ্চিত করতে বলেন তিনি।

এদিকে হাসপাতালের বিট ভ্যাকসিন কর্ণার পরিদর্শনে গিয়ে আরেকটি গুরুতর সমস্যা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে ভুক্তভোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। বিশেষ করে রেবিস ভ্যাকসিন রোগীদের নিজ খরচে সংগ্রহ করতে হচ্ছে- এমন চিত্র দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। সরেজমিনে বিষয়টি দেখে হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমক দেন এবং দ্রুত সংকট নিরসনের নির্দেশ দেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। তারা হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রোগীদের খাবারের মান, ভ্যাকসিন সরবরাহ ও বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ ছিল। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এই পরিদর্শনে এসব সমস্যা সামনে আসায় দ্রুত সমাধানের আশা করছেন রোগী ও স্বজনরা।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা