ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৪:৪৭ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ২০:৩৬ পিএম
প্রতীকী ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে গভীর গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ সলগ্ন এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- খয়েরবাড়ী বাজার এলাকার মুর্দি দোকানী শাহীন আলম ও মোছা. কেয়া বেগমের সাড়ে চার বছরের মেয়ে সাবিহা ও তিন বছরের ছেলে সিয়াম।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে স্কুলের মাঠে সাবিহা ও সিয়াম খেলতে যায়। খেলার এক পর্যায়ে পাশের বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তের পানিতে ভাই-বোন পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের কোনও খোঁজ খবর না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে ওই গর্তের পানিতে তাদের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলিফ মো. নূরে আলম সায়েদি বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুইটির মধ্যে প্রথমে ছেলেকে এবং পরে মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।