বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৪:২৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ১৪:৩৫ পিএম
দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, “হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অপর দুজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে”।
ওসি মো. জাফর আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।