প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারা সমুদ্র এলাকায় নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে সংঘর্ষের ঘটনায় রাফিফং কালাহান (৩০) নামে এক থাই নাগরিক নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে অবস্থানরত ‘এমটিকেপিপি০১’ জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন থাইল্যান্ডের নাগরিক রাফিফং কালাহান।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “সমুদ্রে জাহাজে ছুরিকাঘাতে আহত এক বিদেশি নাগরিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।