শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০২৬ ২২:৪৩ পিএম
হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় জমি নিয়ে বিরোধের জেরে সুমন ও ইয়াছিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী এতে অংশ নেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে নিহত
সুমনের স্ত্রী রিমু ও ইয়াছিনের স্ত্রী সখী বেগম কান্নায় ভেঙে পড়েন। তারা অভিযোগ করেন,
সুমন ও ইয়াছিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যার মূল অভিযুক্ত রাহাদ ও
রাব্বিসহ সহযোগী আওলাদ ও জাহিদুলের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান।
স্বজনরা নিহত ইয়াছিনের দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের ভরণ-পোষণের জন্য সরকারের সহায়তা চান।
এসময় বক্তারা বলেন, দিনের আলোয় হত্যা করা হয়েছে। অথচ সব আসামি এখনও গ্রেপ্তার হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। সব আসামিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
এটা যদি
না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নিহত দুই ব্যক্তির
স্বজনরা।