খুলনা অফিস
প্রকাশ : ১৯ মে ২০২৬ ২২:৩০ পিএম
সড়কে টায়ার জ্বায়িয়ে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় পাট গোডাউন ও বেলিং শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দৌলতপুর এলাকা। শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে ভাঙচুরের ঘটনায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে দৌলতপুর রেলগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজেএ ভবনের সামনে এসে অবস্থান নেয়।
পরে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে আগুন ধরান এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভ চলাকালে উত্তেজিত
শ্রমিকদের একটি অংশ বিজেএ ভবনের সামনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ভবনের কয়েকটি
জানালার কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক
নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর দুপুর
১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় শ্রমিক নেতারা অভিযোগ করেন,
গত বছরের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট
রপ্তানির ওপর অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাট খাতে ভয়াবহ
সংকট তৈরি হয়েছে। তারা বলেন, রপ্তানি
কার্যক্রম বন্ধ থাকায় খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জুট প্রেস ও বেলিং শিল্প
স্থবির হয়ে পড়েছে। এতে হাজার হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় মানবেতর
জীবনযাপন করছেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা
বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ
করে শ্রমিকদের পথে বসানো হয়েছে। অনেক শ্রমিক পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
দ্রুত রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে একই সময়ে বিজেএ ভবনে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারাও কাঁচা পাট রপ্তানির ওপর শর্ত আরোপের
প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএ চেয়ারম্যান খন্দকার
আলমগীর কবির।
তিনি বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ী,
কৃষক ও শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত
হচ্ছেন। দ্রুত রপ্তানি চালু না হলে দেশের ঐতিহ্যবাহী পাট শিল্প মারাত্মক হুমকির
মুখে পড়বে।
এদিকে শ্রমিকদের আন্দোলনের
কারণে খুলনা-যশোর মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যানবাহনকে বিকল্প
বাইপাস সড়ক ব্যবহার করতে দেখা যায়।