কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ২২:১৬ পিএম
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ আটকৃতরা -প্রবা ফটো
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বসতঘর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশের এপিবিএন।
মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ সিরাজ আমীন এ অভিযান চালান।
অভিযানে আটকরা হলেন- উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ
হোসেন, নুর হোসেন এবং একই ক্যাম্পের আব্দুল হামিদ।
সিরাজ আমীন বলেন, আজ (মঙ্গলবার) ভোরে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকের জনৈক ব্যক্তির বসতঘর থেকে পাচার হয়ে আসা মজুত করা ইয়াবার চালান লেনদেনের জন্য কতিপয় লোক জড়ো হওয়ার খবর পায় পুলিশের এপিবিএন। পরে এপিবিএন সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের দেহ তল্লাশি করে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২৭টি গুলি পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।