× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ছবি না থাকা নিয়ে হট্টগোল, মঞ্চে উঠেননি মন্ত্রী

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৮:৩০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৬ ১৮:৪১ পিএম

প্রায় ৪৫ মিনিট মন্ত্রীর পথ অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় ৪৫ মিনিট মন্ত্রীর পথ অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে বগা এলাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সফর উপলক্ষ্যে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকা নিয়ে শুরু হওয়া এই হট্টগোলের মধ্যে মঞ্চে না উঠেই ফিরে যান মন্ত্রী শেখ রবিউল আলম।

লোহালিয়া নদীতে সম্ভাব্য ‘নবম চীন মৈত্রী বগা সেতু’ নির্মাণস্থল পরিদর্শনে এসে মঙ্গলবার দুপুরে এই পরিস্থিতির মুখে পড়েন মন্ত্রী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে মঙ্গলবার পটুয়াখালী যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তার আগমন উপলক্ষে বগা ফেরিঘাটের অদূরে সভার আয়োজন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শফিকুল ইসলাম মাসুদ।


ওই সভা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি দলীয় নেতাকর্মীরা। দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রী বগা ফেরিঘাট এলাকায় পৌঁছে সভামঞ্চের দিকে রওনা হলে তার পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে পুরো ফেরিঘাট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট মন্ত্রীর পথ অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। পরে সভা মঞ্চে না গিয়ে একই ফেরিতে ফিরে যান মন্ত্রী। 

ফেরার পথে সড়কের ওপর দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম।

তিনি বলেন, “অতিসম্প্রতি এক খুদে শিক্ষার্থী বগা সেতু বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন। সেটি প্রধানমন্ত্রী নজরে আসলে তিনি আমাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কীভাবে দ্রুততম সময়ে সেতুটি নির্মাণ করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে”।

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সেতু হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে যা যা করণীয় তা তা করছি। চীন ইতোমধ্যে নকশা চূড়ান্ত করে ফেলেছে। বাস্তবায়ন চুক্তি এক মাসের মধ্যে হয়ে যাবে। চুক্তি সম্পন্ন হলেই এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্মাণ কাজ শুরু হবে”। 

ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকা প্রসঙ্গে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার বলেন, “সেতুটি আমাদের প্রাণের দাবি। যা বাস্তবায়নের জন্য বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে। সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সেতু মন্ত্রী এসেছেন। কিন্তু সেই সভা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নেই। এটি এক ধরনের অপরাজনীতি। এ কাজটি জামায়াত এমপি মাসুদ ঠিক করেনি”।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইসাহাক বলেন, “এটি কোনো রাজনৈতিক সভা-সমাবেশ নয়। মন্ত্রীর আগমন উপলক্ষে একটি সভা। সেখানে প্রধানমন্ত্রীর ছবি না থাকা নিয়ে বিএনপি হট্টগোল করাটা অযৌক্তিক। তারা বিশৃঙ্খলা করে সভা পন্ড করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাউফলের মানুষ”।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন পটুয়াখালী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী- ২ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও পটুয়াখালী- ২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালকুদার।

আরও ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা