লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৭:১১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১৭:২২ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমানে সরকার সীমান্ত সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বর্তমান সরকার সীমান্ত সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে”।
তারেক রহমানের সমালোচনা করেন পাটওয়ারী বলেন, “জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সারাজীবন ভারতের গোলামীর বিরুদ্ধে লড়াই করেছেন”।
অভিযোগ করে তিনি বলেন, “বিজিবি সীমান্তে ভারতীয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং সীমান্ত হত্যার ঘটনায় প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছে”।
সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই সমন্বয়ক আরও বলেন, “সীমান্তের সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়। তারা স্বাভাবিকভাবে কাজ করতে গেলেও বিএসএফ গুলি করে হত্যা করছে। অথচ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। বিজিবিকে সীমান্তে প্রায় অকার্যকর করে রাখা হয়েছে ভারতের নির্দেশে”।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে”।
পরে নিহত খাদেমুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।