লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১১:৩৫ এএম
গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ এবং মো. আকিব। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় একই ইউনিয়নের পৃথকস্থানে দুই রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা ও ৯ নম্বর ওয়ার্ডের ঘোনার মোড় এলাকায় সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। তারা দুজনই ব্যাটারিচালিত রিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আকিব দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহণ করতেন। সম্প্রতি তিনি তাদের মালামাল পরিবহণে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে ওই সন্ত্রাসী গ্রুপ তাকে গুলি করে। এ ঘটনায় আকিবের হাত ও পেটে গুলি লাগে।
অপরদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, তিনি চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রীদের নামিয়ে দিয়ে ফেরার পথে কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।