চাঁদপুর
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ০৯:৪৩ এএম
জামায়াতে ইসলামীতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করে জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীনকে নিজ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের জরুরি সভায় সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব মো. মজিবুর রহমান।
বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এক জরুরি সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ মে জামায়াতে ইসলামীর যুবসমাবেশের পর মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন জামায়াতে ইসলামীতে যোগদান করেছিলেন।