বাগমারা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ২১:৩০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬ ২২:০১ পিএম
রাজশাহীর বাগমারায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, কৃষকদের
ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে কৃষকরা
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পাবেন এবং উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকেই যেন ধান ক্রয়
করা হয় এবং কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে। পাশাপাশি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি
বলেন, ধানের সঠিক মান বজায় রেখে ধান গুদামে নিয়ে আসতে হবে। কেউ যেন কোনো ধরনের হয়রানির
শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূরন্নবী, ভারপ্রাপ্ত
গুদাম কর্মকর্তা মকছুবুল হক, জামায়াতের সাবেক সেক্রেটারি ও রাজশাহী জেলা ইউনিট সদস্য
অধ্যাপক অহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে বাগমারায় সরকার নির্ধারিত
মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এ মৌসুমে উপজেলায়
মোট ১ হাজার ৯৮৯ মেট্রিক টন ধান এবং ২৯৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে। এর মধ্যে ধান সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল নিবন্ধিত চালকল মালিকদের
কাছ থেকে সংগ্রহ করা হবে। যাতে কৃষক ও মিল মালিকরা নির্বিঘ্নে সরকারি খাদ্য গুদামে
ধান-চাল সরবরাহ করতে পারেন।