× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ী রেল স্টেশন

সংস্কারের অভাবে কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত যাত্রীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:৩৯ পিএম

সংস্কারের অভাবে কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত যাত্রীরা

দিনাজপুরের ফুলবাড়ী রেল স্টেশনটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হলেও নিয়মিত সংস্কার না করায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এই রেল স্টেশন দিয়ে যাতায়াতকারী যাত্রীরা। গুরুত্বপূর্ণ রেল স্টেশনটি বর্তমানে জরাজীর্ণ।

প্রায় দেড়শ বছরের পুরনো এই রেল স্টেশনটি উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলপথের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এতে দীর্ঘদিন ধরে সংস্কার ও আধুনিকতার ছোঁয়া না লাগায় এই রেল স্টেশন দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা পোহাচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয়রা বলেন, দীর্ঘ ২০ বছর আগে প্লাটফর্মের নষ্ট টিনগুলো বদলিয়ে কিছু সংস্কার করা হলেও বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি। প্লাটফর্মের মাঝামাঝি স্থানে সামান্য স্থানে যাত্রী ছাউনি থাকলেও প্লাটফর্মে দুই প্রান্ত রয়েছে উন্মুক্ত। এ কারণে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে হচ্ছে। প্লাটফর্মের যাত্রী ছাউনির বিভিন্ন স্থানের টিন ফুটো হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই পানিতে সয়লাব হয়ে যায় প্লাটফর্ম। এ কারণে চরম বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। প্লাটফর্মের বিশ্রামাগারটি দীর্ঘদিন ধরেই ব্যবহারের অযোগ্য। এতে শৌচাগার না থাকায় যাত্রীদের দৌড়াতে হচ্ছে পৌরসভার শৌচাগারে।

এদিকে ২ নং প্লাটফর্মটি নির্মাণের পর থেকেই সেখানে যাত্রী ছাউনি না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনে যাত্রীদের ওঠানামা করতে হয়। ১ নং প্লাটফর্ম থেকে ২ নং প্লাটফর্মে যাতায়াতের জন্য ওভারব্রিজ না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হতে হচ্ছে। প্লাটফর্ম ট্রেনের পাটাতন থেকে নিচে হওয়ায় ট্রেনে ওঠানামা করতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে সবচেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধাসহ নারী ও শিশুরা।

ফুলবাড়ী শাখা তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, এই রেল স্টেশনটি এখনও পুরনো পদ্ধতির সিগন্যাল দিয়ে ট্রেন যাতায়াত করানো হচ্ছে। প্রতি বছর এ রেল স্টেশন থেকে বিপুল অঙ্কের রাজস্ব আদায় হলেও স্টেশনটি সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

ফুলবাড়ী রেল স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ফুলবাড়ী রেল স্টেশন দিয়ে প্রতিদিন ডাউনে ১১টি এবং আপে ১১টি আন্তঃনগর ও মেল ট্রেন যাতায়াত করে থাকে। এতে বিপুল সংখ্যক যাত্রী এ স্টেশন দিয়ে যাতায়াত করে থাকেন।

পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী-পিডব্লিউআই (পথ) শেখ আল আমিন বলেন, যেহেতু ২ নং প্লাটফর্মে প্রস্থ ছোট। তাই সেখানে ওভারব্রিজ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে অন্য বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা