× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ বালু উত্তোলন

পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা লক্ষাধিক ভিটাবাড়ি

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:৩৪ পিএম

পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা লক্ষাধিক ভিটাবাড়ি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে টেন্ডারের শর্ত ভঙ্গ করে চলছে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের মহোৎসব। প্রতিদিন ৫০-৬০টি ড্রেজার দিয়ে পদ্মার তলদেশ থেকে লাখ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। এতে করে নড়িয়ার পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা লক্ষাধিক মানুষের ভিটাবাড়ি। 

স্থানীয় আব্দুল আউয়াল চোকদারসহ একাধিক লোকের অভিযোগ, এই অবৈধ কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝিসহ একটি মহল।

অবৈধ বালু উত্তোলনের কারণে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ বর্তমানে মারাত্মক হুমকির মুখে। বিএনপির সরকার আসার পর থেকেই পুনরায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নড়িয়া পৌরসভা ও নড়িয়া উপজেলার চরআত্রা, নওয়াপাড়া ভেদরগঞ্জ উপজেলার কাচি কাটা, জাজিরা উপজেলার কুন্ডেরচর, মুন্সীগঞ্জ জেলার হাসাইল, দিঘির পাড়, ইউনিয়নের লক্ষাধিক মানুষ ফের ভিটাবাড়ি হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই এলাকায় ভয়াবহ ভাঙনে অন্তত ২৫ হাজার পরিবার গৃহহীন হয়েছিল। পরে ২০১৯-২০২৩ সালের মধ্যে প্রায় ১০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও ১২ কিলোমিটার নদী খননে বিপুল অর্থ ব্যয় হয়।

নড়িয়া উপজেলা প্রশাসনের নথি অনুযায়ী, গত বছরের জুনে চরআত্রা এলাকায় স্তূপকৃত বালু অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ৪ কোটি ৯০ লাখ টাকায় কাজ পান ‘তাসিন তাহান কনস্ট্রাকশন। সে বালু অপসারণ না করে বালু স্তূপের পাশ থেকেই অবৈধভাবে পদ্মা নদীর তলদেশ থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝির বিরুদ্ধে। টেন্ডারের শর্ত অনুযায়ী চরআত্রা ও নওয়াপাড়া এলাকার চরের ফসলি জমিতে পূর্বে ড্রেজিংয়ের সময় উঠিয়ে স্তূপ করে রাখা বালু সরানোর। কিন্তু অভিযোগ উঠেছে তারা স্তূপের পরিবর্তে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু তুলছেন।

বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক রনি মিয়া, বকুল দেওয়ান ও স্থানীয়রা বলছেন, মুলফৎগঞ্জ, চরজুজিরা, শুরেশ্বর, কেদারপুর ও চরআত্রার এলাকায় প্রতিদিন ৫০ থেকে ৬০টি কাটিং ড্রেজার দিয়ে দিন-রাত একটানা চলছে অবৈধভাবে বালু উত্তোলন। প্রতিটি ড্রেজার দিনে ২-৩ লাখ ঘনফুট বালু উত্তোলন করে, যা পরে বাল্কহেডে করে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে সরবরাহ করা হয়। শ্রমিকরা স্বীকার করেছেন, তারা ইজারাদারের নির্দেশেই কাজ করেন, তবে কাগজপত্র তাদের হাতে নেই।

বাঁশতলা এলাকার সাইদুর রহমান, দনু মাল বলেন, ‘তিনবার নদীভাঙনে সর্বস্ব হারিয়েছি। এখন বাঁধের পাশে ঘর তুলেছি। আবার ভাঙন শুরু হলে সব শেষ হয়ে যাবে।’ 

সুরেশ্বরের আয়না বিবি বলেন, ‘বিএনপি নেতা রয়েল মাঝি নদী থেকে জোর করে বালি, ইট বিক্রি করছেÑ যার ফলে এ সর্বনাশা পদ্মা নদীর ভাঙনের আতঙ্কে আছি। এ ‘নদী আমাদের ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে। বাঁধটাই এখন শেষ আশ্রয়। এটা ভাঙলে কোথায় যাব? তার কোনো ঠিক-ঠিকানা নাই।’ 

নওয়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কাশেম সিদ্দিক বলেন, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি দলীয় প্রভাব খাটিয়ে পদ্মা তলদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেÑ যাতে আমরা আবার পড়ব ভাঙনের কবলে। 

জানা গেছে, নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু অভিযান হলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

অস্বীকার করে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ‘তাসিন তাহান কনস্ট্রাকশনের স্বত্বাধিবকারী ফরিদ আহাম্মেদ রযেল মাঝি বলেন, আমরা যথা স্থান থেকেই বালু উত্তোলন করছি।’ 

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান স্বীকার করেছেন, ‘প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। বালু স্তূপ সরানোর টেন্ডারের মেয়াদ আছে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত। তবে তারা নির্দিষ্ট স্থান থেকে বালু না সরিয়ে অপরিকল্পিতভাবে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানাব। 

জেলা প্রশাসক তাহসিনা বেগম নড়িয়ায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা